৩ মে ২০১৪ - ১৬:০৫
ওদেসা সহিংসতায় কিয়েভ ও পশ্চিমা শক্তি জড়িত: রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওদেসা শহরে কয়েক ডজন মানুষ হত্যার জন্য সরাসরি কিয়েভ ও পশ্চিমা শক্তি দায়ী।

বার্তা সংস্থা আবনা : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওদেসা শহরে কয়েক ডজন মানুষ হত্যার জন্য সরাসরি কিয়েভ ও পশ্চিমা শক্তি দায়ী।
তিনি বলেছেন, কিয়েভ ও তার পশ্চিমা পৃষ্ঠপোষকরা ওদেসা শঞরের রক্তপাত এবং সহিংসতায় উস্কানি দিয়েছে; এর দায়-দায়িত্বও তাদেরকে নিতে হবে। পেসকভের বরাত দিয়ে রাশিয়ার রিয়া নভোস্তি বার্তা সংস্থা এ খবর দিয়েছে।
ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে বিতর্কিত সন্ত্রাস-বিরোধী অভিযানে মদদ দেয়ার নিন্দা জানিয়ে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, যারা কিয়েভের এ ‘জান্তা’ সরকারকে বৈধ বলে মনে করে তারাই ওদেসা সহিংসতায় সহায়তা করেছে। তিনি এও বলেছেন, রুশপন্থি বিক্ষোভকারীদের ওপর মস্কো নিয়ন্ত্রণ হারিয়েছে এবং এ কারণে এ অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়ার বিষয়টি আর সমাধান করা সম্ভব নয়।
রুশ মুখপাত্র বলেন, ইউক্রেনের চলমান সহিংসতার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠান অসম্ভব ব্যাপার। আগামী ২৫ মে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনের কথা রয়েছে।#
(সূত্র : আইআরআইবি)